https://arwf.org/4/eb528a4cf13ee46e18afbf8bfd1c2497

প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে ভারতীয় তরুণ, কিশোরীকে বিয়ে

প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ। পরে মেয়ের পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীকে বিয়ে করেন।

ভারতীয় তরুণের বাংলাদেশে আসা এবং অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন। পরদিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং একজন মৌলভিকে ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মাহি আক্তার জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রামের বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পেরে বারবার নিষেধ করলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন। মাহি আরও জানান, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে সে হিন্দি ভাষা শিখেছে।

ভারতীয় তরুণ ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাদের প্রেমের বিষয়টি তার পরিবার মেনে নিয়েছে। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান বলে জানান তিনি।

মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছি।

স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় একজন তরুণ বাংলাদেশে এসে হুট করে বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন—বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পাসপোর্ট ও পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশ বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মেয়েটির বয়স ১৭ বছর হওয়ায় বাংলাদেশের প্রচলিত আইনে এ বিয়ের বৈধতা এবং নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আইনগত প্রশ্ন দেখা দিয়েছে।

Check Also

২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, মিলল ভবিষ্যদ্বাণী

স্বর্ণের দামের রেকর্ড উত্থানের পালা শেষ হয়েছে। জানুয়ারির সর্বোচ্চ দাম থেকে এখন প্রায় ৩৭ শতাংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *